লঙ্কা সফরের অনিশ্চয়তার জের
স্পোর্টস রিপোর্টার
শ্রীলঙ্কা সফর না হলেও অবশ্য ক্রিকেটারদের আর বসে থাকতে হচ্ছে না। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলে দিয়েছেন, এখন তারা ক্রিকেট মাঠে ফেরানোর জন্য কাজ করবেন। সেটা ক্লাব ক্রিকেট, নাকি প্রথম শ্রেণির ক্রিকেট, তা নিশ্চিত করেননি বোর্ড সভাপতি। তবে এটা জানিয়েছেন, খেলা মাঠে ফিরছে।
এখনই আর্ন্তজাতিক ম্যাচ হয়তো হবে না, ঘরোয়া ক্রিকেটই তাই করতে চায় বিসিবি। পাপন বলছিলেন, ‘আমরা ক্রিকেট ফিরিয়ে নিয়ে আসব। বাইরের কারো সঙ্গে হবে কিনা জানি না, আমরা ঘরোয়া ক্রিকেট শুরু করে দেবো এখনই। কী করব সেটা আপনাদের বলছি না, কিন্তু কিছু তো একটা করবই। ক্রিকেট আমরা মাঠে ফেরাবোই।’
কোচিং দলের সদস্যরা শ্রীলঙ্কা সফর না হলেও কাজ চালিয়ে যাবেন। সেই সঙ্গে একটু বড় পরিসরে অনুশীলনও চালানোর কথা বললেন পাপন, ‘এখন কোচিং স্টাফরা এসেছেন তারা থেকে যাবেন। ছেলেরা খেলার বাইরে অনেক দিন, ওদের আমরা খেলায় নিয়ে আসব। যেটুকু আমি ম্যানেজ করতে পারব, তত জনকে নিয়েই করব। এটা আপনার ৪০টা খেলোয়াড় হতে পারে, ১৬০টা খেলোয়াড় হতে পারে। আমরা যতটুক ম্যানেজ করতে পারব নিজেরা ততটুকুই করব। আমাদের তো করোনাকালীন সময় তাদের স্বাস্থ্যগত সুরক্ষা তো আমাদের খেয়াল রাখতেই হবে। খেলা মাঠে গড়াবে ইনশা আল্লাহ।’
