বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তনের সিদ্ধান্ত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩১

বরিশাল অফিস

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার রাতে ববির জনসংযোগ অফিসের উপপরিচালক (চ.দা,) ফয়সল্ জানান, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৬৭তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার বিকেলে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তনের নিমিত্তে এর জন্য নীতিমালা প্রণয়নে ববি উপাচার্যকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা হচ্ছেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার, সদস্য সচিব হচ্ছেন রেজিস্ট্রার ড. মো. মুহসিন উদ্দীন। ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন জানান, ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক গবেষণা ও একাডেমিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চলমান মুজিববর্ষের মধ্যেই ববিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ এর কার্যক্রম শুরু করা হবে।