আন্তর্জাতিকভাবে আজ মুক্তি পেতে চলছে সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা ‘রেপ্লিকাস’। একইদিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। জেফ্রে নাচম্যানফ পরিচালিত ছবিটির চিত্রনাট্য লিখেছেন চাদ সেন্ট জন। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য ম্যাট্রিক্স’ তারকা কিয়ানু রিভস। আরো অভিনয় করেছেন এলিস ইভ, টমাস মিডলদেচ ও জন অর্টিজ প্রমুখ। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনায়ও যুক্ত আছেন কিয়ানু রিভস। মানব ক্লোনিং নিয়ে নৈতিক ও আইনি বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে। ভবিষ্যত্ প্রজন্মকে এর ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার জন্য বিশ্বের অধিকাংশ দেশই মানব ক্লোনিং নিষিদ্ধ করেছে। তবে কিছু কিছু দেশ এখনো গোপনে বিষয়টি নিয়ে কাজ করছে।
এরমধ্যেই সেই ঘরানার কাহিনি নিয়ে হলিউডে নির্মিত হলো কল্প-বিজ্ঞানভিত্তিক সিনেমা রেপ্লিকাস। ছবিতে সিন্থেথিক বায়োলজিস্ট ও নিউরো সায়েন্টিস্ট উইলিয়াম ফস্টার চরিত্রে দেখা যাবে কিয়ানু রিভসকে। যিনি মানুষের চেতনাকে সফলভাবে কম্পিউটার প্রোগ্রামে স্থানান্তর করতে পারেন। এক গাড়ি দুর্ঘটনায় তার পরিবার নিহত হয়। উইল স্ত্রী ও সন্তানদের ক্লোন তৈরি করতে চান। এ কাজে সাহায্য করে সহকর্মী এড হুইটল।
