সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। রবিবার রাত ৮টায় শহরের পুরাতন বাবুপাড়া এলাকায় তারা বিক্ষোভ করেন। এতে সৈয়দপুর টার্মিনাল থেকে পাঁচ মাথা মোড় পর্যন্ত উভয় পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন আটকা পড়ে। পরে সৈয়দপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহীন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসীর অভিযোগ, শহরের পুরাতন বাবুপাড়া ও অফিসার্স কলোনি এলাকায় বিদ্যুত্ নেই। বারবার বিদ্যুত্ অফিসে যোগাযোগ করা হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং তাদের গড়িমসির কারণে সন্ধ্যায় এলাকার একটি ট্রান্সফরমারে আগুন লাগে। নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তাজমুল হক বলেন, এক সঙ্গে সব জায়গায় সমস্যা হলে সমাধান করতে একটু সময় লাগবেই। পুরাতন বাবুপাড়ার বিদ্যুত্ ট্রান্সফরমার নষ্ট হয়েছে। এটা রিপ্লেস করা হবে খুব দ্রুত।
