বর্ষা মৌসুমে আমাদের দেশের বেশিরভাগ জেলা প্লাবিত হয় বন্যার পানিতে। বাঁধগুলো ভেঙে পানি ওঠে লোকালয়ের বসতভিটায়। মানুষকে তখন আশ্রয় নিতে হয় বন্যা আশ্রয়কেন্দ্রে। এইসব অসহায় মানুষের পাশে থেকে সরকার সবসময় সেবা দিয়ে যায়। কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। এর মূল কারণ সেসব সড়ক, বাঁধ, কালভার্ট, ব্রিজ নির্মাণ করা হচ্ছে তা মোটেও টেকসই নয়। প্রতিবছর আমরা দেখি—সড়ক সংস্কার হয়, কিন্তুু টেকসই হচ্ছে না। বিশেষ করে গ্রামের কাঁচা ও আধাপাকা সড়ক সংস্করণ করা হলে পরবর্তী বর্ষায় তা তলিয়ে যায়। ফলে ভেঙে অস্তিত্বহীন হয়ে যায় সেই রাস্তা। আবার করা হয় সংস্কার। এভাবেই বছরের পর বছর চলছে সংস্কারের কাজ। এতে ভোগান্তির শিকার হয় জনসাধারণ, আর সরকারের অর্থনৈতিক খাতের বড় একটা অংশ চলে যায় রাস্তা নির্মাণ ও সংস্কারে। সাম্প্রতিক বন্যায় পাবিত অঞ্চলের বেশিরভাগ রাস্তা ভেঙে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে—রাস্তা সংস্কারে যেন টেকসই উন্নয়ন নিশ্চিত করা হয়।
রাকিব হোসেন
শিক্ষার্থী, আল ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
