রোহিঙ্গাদের ওপর নৃশংসতা ক্ষমার অযোগ্য

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২২:৪৩

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী ও তাদের সহযোগীদের নৃশংসতা ক্ষমার অযোগ্য। গতকাল বুধবার সিঙ্গাপুরে মিয়ানমারের কার্যত সরকার প্রধান অং সান সু চি’র সঙ্গে বৈঠকে বসার আগে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। পেন্স বলেন, মিয়ানমার সেনাবাহিনী ও তাদের সহযোগীদের হাতে বর্বর নৃশংসতার শিকার হয়ে কমপক্ষে ৭ লাখ রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এই নৃশংসতা ও নির্যাতন ক্ষমার অযোগ্য।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সিঙ্গাপুরে এশিয়া সম্মেলনের সাইডলাইনে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেন মাইক পেন্স। তিনি সু চিকে বলেন, রোহিঙ্গা সংকটের জন্য যারা দায়ী তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। জবাবে সু চি বলেন, বিভিন্ন রকম মানুষের দৃষ্টিভঙ্গিও ভিন্ন। এ সময় মাইক পেন্স সু চিকে বলেন, মিয়ানমারে মুক্ত ও গণতান্ত্রিক গণমাধ্যম দেখতে চায় ওয়াশিংটন। যে দু’জন সাংবাদিককে জেল দেওয়া হয়েছে       তাতে যুক্তরাষ্ট্রের অনেক মানুষ গভীরভাবে বিরক্ত।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, মিয়ানমারে সাজাপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিককে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান মাইক পেন্স অনেকবারই সু চিকে আহ্বান জানিয়েছেন। রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সো ও’কে গত বছরের ডিসেম্বরে গ্রেফতার করা হয়।