তথ্য গোপন করে দুইটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ করার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) মামলায় ডা. সাবরিনা আরিফ চৌধুরীর জামিন না-মঞ্জুর করেছে আদালত। দুই দিনের রিমান্ড শেষে সাবরিনাকে গতকাল সোমবার আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তিনি। অপরদিকে সাবরিনার জামিন চান তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩১ আগস্ট সাবরিনার বিরুদ্ধে গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া বাদী হয়ে রাজধানীর বাড্ডা থানায় এ মামলা করেন। মামলায় বলা হয়, মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটার হয়ে ও একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে আইন অনুযায়ী অপরাধ করেছেন সাবরিনা।
