ঢাকা থেকে বরিশালগামী লঞ্চের কেবিনে নারীর লাশ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০০:২৭

ঢাকা থেকে বরিশালগামী লঞ্চ এমভি পারাবত-১১-এর কেবিন থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে লঞ্চটি বরিশাল বন্দরে পৌঁছার পর মধ্যবয়সি ঐ নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। ঐ নারীর সঙ্গে থাকা সন্দেহভাজন ব্যক্তিকে সিসি ক্যামেরার ফুটেজে শনাক্তের পর তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাকারিয়া রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে আলামত দেখে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে ঐ নারীকে।  ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে কি না, সেটি জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।

পারাবত লঞ্চ কোম্পানির বরিশালের কর্মকর্তা মো. সেলিম জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার সদরঘাট থেকে এক ব্যক্তি ঐ নারীকে সঙ্গে নিয়ে এমভি পারাবত-১১ লঞ্চের তৃতীয় তলার ৩৯১ নম্বর সিঙ্গেল কেবিনে ওঠে। লঞ্চের রেজিস্ট্রারে তার নাম দেওয়া হয় কামরুল এবং মুঠোফোন নম্বর দেওয়া হয় ০১৭১১০২৫০৯২। গতকাল ভোর পৌনে ৫টার দিকে লঞ্চটি বরিশাল নদীবন্দরে নোঙ্গর করলে ঐ ব্যক্তি নিহত নারীর ব্যাগ, মাস্ক এবং ওড়না নিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে দ্রুত নেমে যায়। তার মুখে মাস্ক ছিল। লঞ্চে লাশ পাওয়ার খবর শুনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. জাকারিয়া রহমান, কোতোয়ালি মডেল থানার সিনিয়র সহকারী কমিশনার রাসেল আহমেদসহ সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।