শ্রীলঙ্কার শর্তে সফর নয়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০০:২৮

এখনো পর্যন্ত ইংল্যান্ড ছাড়া আর কোনো দেশে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়নি। ইংল্যান্ডও বিশেষ সব সুবিধা দিয়ে অতিথি দলগুলোকে আনছে। এই অবস্থায় শ্রীলঙ্কা সফর করতে রাজি হয়েছিল বাংলাদেশ দল।

প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ ও কোয়ারেন্টাইন চলা অবস্থায় অনুশীলনের সুযোগ পাওয়ার আশা ছিল বাংলাদেশের। কিন্তু শ্রীলঙ্কা জানিয়েছে, এসব সুবিধা তারা দিতে পারবে না। এ অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বলেছেন, শ্রীলঙ্কার শর্ত মেনে বর্তমান অবস্থায় এই সফরে যাওয়া সম্ভব নয়। এদিকে শ্রীলঙ্কার যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাক্ষে টুইটারে জানিয়েছেন, তিনি শ্রীলঙ্কা বোর্ডকে শর্তগুলো পুনর্বিবেচনা করতে বলেছেন।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট খেলতে এ মাসেই শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের। আগামী মাসের শেষ দিকে শুরু হওয়ার কথা ছিল খেলা। এই সফরে বিসিবি পরিকল্পনা করেছিল হাইপারফরম্যান্স দলকে জাতীয় দলের সঙ্গে পাঠানোর। তাতে নিজেদের মধ্যে ম্যাচ খেলতে পারত বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কা দল এত বাড়তি খেলোয়াড় নিয়ে যাওয়ায় আপত্তি করেছে।

বাংলাদেশ দলের পরিকল্পনা ছিল সাত দিন কোয়ারেন্টাইন পালন করা। সেই সঙ্গে কোয়ারেন্টাইনের সময় অনুশীলন করা। কিন্তু শ্রীলঙ্কা জানিয়েছে, কোয়ারেন্টাইনে থাকতে হবে ১৪ দিন। এই সময়ে অনুশীলন তো দূরে থাক, হোটেলের রুম থেকেই বের হতে পারবেন না খেলোয়াড়েরা। এ ছাড়া শ্রীলঙ্কা দল অনুশীলনের জন্য নেট বোলার দিতে পারবে না। এমনকি নেট বোলার দেশ থেকে নেওয়ার অনুমতিও দেবে না!

এসব শর্ত মেনে নেওয়ার মতো নয় বলেই বিসিবির সভাপতি পাপন গতকাল বলে দিয়েছেন, ‘এভাবে খেলা সম্ভব নয়। ওরা যে নিয়মকানুন বেঁধে দিয়েছে, এটা ইতিহাসে বিরল। এটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্ভব নয়। এই খবরটাই ওদের দিতে চাই। এরপর তারা যদি বলে, আচ্ছা আসেন আলাপ-আলোচনা করি—কী কী মানা যায় না যায়। তখন আমরা বলব কী কী শর্ত রয়েছে, কী কী শিথিল করতে হবে। সেটা পরে আলাপ-আলোচনার মাধ্যমে হতে পারে। কিন্তু এই অবস্থায় খেলা হবে না, এটা তাদের বোঝা উচিত।’

বিসিবির সভাপতির এই কঠোর অবস্থানের খানিকক্ষণের মধ্যেই শ্রীলঙ্কার যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাক্ষে টুইটারে লিখেছেন, ‘এই অঞ্চলের ক্রিকেটকে গুরুত্ব দিয়ে আমি এসএলসি কর্মকর্তাকে কোভিড টাস্কফোর্সের সঙ্গে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ করে শর্তগুলো পুনর্বিবেচনা করতে বলেছি।’