আবার কোচের দায়িত্বে হারুন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬

স্পোর্টস রিপোর্টার

জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় মাহবুব হারুনকে আবারও জাতীয় দলের কোচ নিযুক্ত করেছে হকি ফেডারেশন। এশিয়া চ্যাম্পিয়ন্স কাপ হকি টুর্নামেন্টে প্রশিক্ষণ দেবেন তিনি। আগামী মার্চে এই টুর্নামেন্ট ঢাকায় অনুষ্ঠিত হবে। ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, পাকিস্তান এবং বাংলাদেশ অংশগ্রহণ করবে।

মাহবুব হারুন ২০১৮ সালে ওমানে এশিয়ান গেমস কোয়ালিফাইং রাউন্ডে সর্বশেষ কোচের দায়িত্ব পালন করেন। এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও তাকে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসে হকিতে না পাঠিয়ে মালয়েশিয়ান হকি কোচ গোপীনাথনকে পাঠায় ফেডারেশন।

বিদেশি কোচ আনা হলে হারুনকে রাখে না ফেডারেশন। বিদেশি কোচ চলে গেলে আবারও হারুনের ওপরই আস্থা রাখতে হয়। পাকিস্তানি নাভিদ আলম, জার্মান কোচ অলিভারসহ অনেক কোচের সময় এমনটা দেখা গেছে।

কাল এসব নিয়ে কোনো কথা বলতে রাজি হননি  প্রচার বিমুখ এই সাবেক তারকা খেলোয়াড়। নিয়োগের ব্যাপারে শুধু বললেন, ‘আগে চিঠি পাই তখন বলা যাবে কবে কি করব আমরা।’ হারুনের সহযোগী কোচ হয়েছেন আরেক সাবেক খেলোয়াড় জহিরুল ইসলাম মিতুল।

অনূর্ধ্ব-২১’র কোচ মামুনুর রশিদ

চ্যাম্পিয়ন্স হকির আগে আগামী জানুয়ারীতে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ বাছাইয়ের খেলা ঢাকায়। বাংলাদেশসহ ১০ দেশ সেখানে লড়াই করবে। বাংলাদেশ দলের প্রশিক্ষণের জন্য কোচ নিযুক্ত করা হয়েছে সাবেক খেলোয়াড় মামুনুর রশিদকে। মামুনুর অনূর্ধ্ব-২১ দলের প্রশিক্ষণের দায়িত্বেই ছিলেন। করোনা মহামারির কারণে সব বন্ধ হয়ে গিয়েছিল। মাঝে বিমানবাহিনীর উদ্যোগে কন্ডিশনিং ক্যাম্প চলছিল কিন্তু সেখানে মামুনুর রশিদ ছিলেন না। মামুনুর রশিদের সহকারী কোচ করা হয়েছে জাফরুল আহসান বাবুলকে।

অক্টোবরে ঘরোয়া মৌসুম শুরু

গতকাল বিমান বাহিনীর ফ্যালকন হলে হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভা বেলা ১২টায় শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। করোনার কারণে এতদিন দুই-চার জন নিয়ে ভার্চুয়াল মিটিং হলেও গতকালই প্রথম টেবিলে বসেছিল পুরো নির্বাহী কমিটি। সেখানেই কোচ ম্যানেজার, আন্তর্জাতিক টুর্নামেন্ট, ঘরোয়া মৌসুম এবং সাধারণ সম্পাদকের শূন্য পদ নিয়ে আলোচনা হয়। ঘরোয় লিগের ব্যাপারে পাঁচ ক্লাব নাম পাঠালেও মোহামেডান এবং মেরিনার ২০১৮ সালের লিগ নিয়ে সৃষ্ট জটিলতায় এখনো নাম পাঠায়নি। ফেডারেশন সভাপতি এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত জানিয়েছেন, কেউ না এলে এগিয়ে যেতে হবে।