বরিশাল অফিস
বরিশাল নগরীর ভাঙা রাস্তা-ড্রেন-খাল সংস্কার, পুনর্বাসন ছাড়া রিকশা, ইজিবাইক ও হকার উচ্ছেদ না করা এবং করোনাকালে রিকশার মহাজনী লাইসেন্স নবায়ন ফি মওকুফের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। জেলা বাসদের পক্ষকালব্যাপী বিক্ষোভ কর্মসূচির সমাপনী দিনে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, জেলা ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদার, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের সংগঠক নুরুল হক, মহিলা ফোরামের নেত্রী শানু আক্তার প্রমুখ। পরে তারা সিটি করপোরেশনের সচিব মো. ইবাদত হোসেনের মাধ্যমে সিটি মেয়র বরাবর দাবি সংবলিত স্মারকলিপি দেন।
