ডেমরার কোনাপাড়ায় দুই শিশুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যাকারী মোস্তফা ও আজিজুলকে প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে দোলার মা পারভিন বেগম বলেন, ‘আমার মেয়ে সেদিন প্রথম কোনাপাড়া স্কুলে ভর্তি হয়। স্কুল থেকে এসে বাসার সামনে রাস্তায় খেলা করছিল নুসরাতের সঙ্গে। তাদের লিপস্টিক দিয়ে সাজানোর লোভ দেখিয়ে বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে ঐ অমানুষরা। এর পর তাদের হত্যা করে ওরা। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চাই।’
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবারসহ এলাকাবাসীর একটাই দাবি- আটক দুই আসামিকে জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে। ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। কিন্তু এমন নির্মম নৃশংস ধর্ষণ-হত্যা মেনে নেওয়া যায় না। তাই আসামিদের অবিলম্বে ফাঁসি কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যাতে অন্য কেউ সাহস না পায়।
ডেমরায় একটি ফ্ল্যাট থেকে গত সোমবার দুই শিশু ফারিয়া আক্তার দোলা (৫) ও নুসরাত জাহানের (৪) মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গোলাম মোস্তফাকে মঙ্গলবার বিকেলে যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মোস্তফার দেওয়া তথ্যের ভিত্তিতে আজিজুলকে ডেমরার কাউন্সিলের মোল্লা ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে হাজির করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
