ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক বেড়েছে। তবে দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ। সেসঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭০ পয়েন্টে অবস্থান করছে।
দিনের লেনদেন শেষে ডিএসইতে অংশ নেওয়া ১২৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট মূল্যবৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছেন। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৭৪টি এবং ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর বাজারে লেনদেন হয়েছে ৯৯৫ কোটি ৫৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ১৪৮ কোটি ৯৫ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৫৩ কোটি ৩৬ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। কোম্পানিটির ৩২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২৩ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ২১ কোটি ৭৪ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, মুন্নু সিরামিক, এক্সপ্রেস ইনসিওরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৬ কোটি ১১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৩টির এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
