মধুপুরে আনারস ও কলা বাগান নির্বিচারে উচ্ছেদ করে বনায়ন!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:০০

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের মধুপুরে আনারস ও কলাবাগান নির্বিচারে উচ্ছেদ করে বনায়ন নিয়ে গারো জনগোষ্ঠীর সঙ্গে বন বিভাগের সংঘাত দেখা দিয়েছে। বাগান ধ্বংসের প্রতিবাদে গতকাল মঙ্গলবার উপজেলার পচিশমাইল বাসস্ট্যান্ডে গারোদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে আজ বুধবার বন অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, বনকর্মীরা গত সোমবার বনায়নের নামে অরনখোলা মৌজার পেগামারি এলাকায় বাসন্তি রেমা নামের এক গারো রমণীর এক একর কলাবাগান কেটে ফেলে। বাসন্তি রেমা অভিযোগ করেন, উত্তরাধিকার সূত্রে ছয় দশক ধরে এ জমি ভোগদখল করছেন। বন বিভাগ নোটিশ না দিয়ে অভিযানের নামে কয়েক হাজার ফলবান কলাগাছ কেটে সাবাড় করেছে। তিনি এর ক্ষতিপূরণ দাবি করেন।

জানতে চাইলে দোখলা রেঞ্জ অফিসার আব্দুল আহাদ বলেন, চলতি অর্থবছরে মধুপুর বনাঞ্চলে ১০০ হেক্টরে বনায়ন কার্যক্রম চলছে। জবরদখল হওয়া বনভূমি পুনরুদ্ধারের পর অংশীদারিত্বের ভিত্তিতে সেখানে ‘উডলট মডেলে’ বনায়ন হচ্ছে।

টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা জহিরুল হক জানান, বনায়নের প্রয়োজনেই জবরদখল হওয়া বনভূমি পুনরুদ্ধার করতে হচ্ছে। যে হারে প্রতিনিয়ত জবরদখল হচ্ছে শক্ত পদক্ষেপ না নিলে মধুপুর বনাঞ্চল অচিরেই অস্তিত্ব হারাবে।