নেটওয়ার্কের অসুবিধা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫

প্রতিটি পরিবারকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসতেই হবে—সরকারের এমন চিন্তাভাবনা থাকলেও মোবাইলফোনের নেটওয়ার্কের বিড়ম্বনায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলাধীন তালম ইউনিয়নের গ্রাম গোন্তা, পাড়িল, লাউতা, দেওঘর, পাড়িল বড়াইচড়া, তারাটিয়া ও হারিসোনার বাসিন্দাদের। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন শহরে চাকরি করছেন, এমন ব্যক্তিদের পরিবারগুলোর বসবাস এইসব গ্রামে। এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় প্রতিদিন অনেক শস্যপণ্য দেশের বিভিন্ন স্থানে এখান থেকে যায়। যোগাযোগব্যবস্থা ভালো থাকায় বিভিন্ন ধরনের ব্যবসা ও শিল্পকারখানা গড়ে উঠছে। কিন্তু মোবাইলফোন ব্যবহারকারীরা নেটওয়ার্কের সমস্যায় জর্জরিত। বিশেষ করে যাদের মাটির বাড়ি তাদের তো বাড়ির বাইরে এসে কথা বলতে হয়। সারা দেশে প্রযুক্তির নতুন সেবা ৪জি চালু হলেও এখানে ৩জি নামমাত্র সেবা মিলছে, ইন্টারনেট স্পিড কখনো কখনো ২জি গতিতেও মেলা ভার। ফলে মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর কার্যক্রমসমূহে সেবা পেতে গ্রাহকদের নাস্তানাবুদ হতে হচ্ছে। গোন্তাবাজারে কোনো মোবাইল কোম্পানির নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় না। এ বিষয় কোম্পানিগুলোর অফিস এবং হেল্পলাইনে একাধিকবার জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এ সমস্যার কারণে অনলাইনভিত্তিক দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। এ অবস্থায়, প্রত্যেক কোম্পানির একটি করে টাওয়ার গোন্তাবাজারে স্থাপন করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।

হাদিউল হূদয়

তাড়াশ, সিরাজগঞ্জ