জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুরে ধামশ্রেণী ইউনিয়নে নাওড়া খালে ব্রিজ না থাকায় ছয় গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। বর্ষা মৌসুমে পারাপারে নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই ভরসা তাদের। ফলে দীর্ঘদিন ধরে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন দুই পাড়ের বাসিন্দারা।
সরেজমিনে জেলার উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের নাওড়া ভাঙা ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা বর্ষা মৌসুমে নিজেদের টাকায় ছোট একটি ডিঙি নৌকা তৈরি করে ঝুঁকি নিয়েই নাওড়া খাল পারাপার হচ্ছে। ডিঙি নৌকায় পারাপার হতে প্রায় সময় তাদের পানিতে পড়ে বিড়ম্বনার শিকার হতে হয়।
স্থানীয়রা জানান, নাওড়া খালে ব্রিজ না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছে নাওড়া, মাঝিপাড়া, খ্যানপাড়া, বিষ্ণুবল্লভ, মদনার পাড়া গ্রামের প্রায় ৮ হাজার মানুষসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা ছমির উদ্দিন, নুরুল হক, শরীফ উদ্দিন, শাবুল্লাসহ একাধিক লোকের সঙ্গে কথা হলে তারা জানান, নদীটির সঙ্গে ব্রহ্মপুত্র মূল নদীর সংযোগ থাকায় বছরের বেশির ভাগ সময় পানি থাকে। ফলে সে সময় যাতায়াতের একমাত্র ভরসা ডিঙি নৌকা। আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হয়। নদীর ওপারে আবাদি জমি থাকায় স্থানীয় কৃষকরা কৃষি যন্ত্রপাতি আনা-নেওয়া করতে কয়েক কিলোমিটার পথ ঘুরে যান।
ধামশ্রেণী ইউপি চেয়ারম্যান রাখিবুল হাসান সরদার বলেন, ১৯৮৮ সালে বন্যার পানির তোড়ে ব্রিজটি ভেঙে গেলে আজও নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে এবং নির্বাচিত হওয়ার পরও একাধিকবার বিভিন্ন দপ্তরে আবেদন করেও কাজ হয়নি। উপজেলা প্রকৌশলী কে কে এম সাদেকুল ইসলাম বলেন, সরেজমিন পরিদর্শন করেছি। যতদ্রুত সম্ভব ব্রিজটি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
