হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট অফিস
এবার তিন দফা বন্যায় সিলেটে মত্স্যসম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক স্থানে চাষিরা পুঁজি হারিয়ে হতাশ হয়ে পড়েছেন। সরকারি হিসাবে প্রায় ৬২ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিভিন্ন হাওর ও পুকুরে চাষ করা বিভিন্ন প্রজাতির ৩ হাজার ৫১৮ টন মাছ বানের পানিতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭ হাজার ৬৮২ মত্স্যচাষি। মত্স্য অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক মো. জিল্লুর রহমান জানান, ক্ষয়ক্ষতির প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছেন। তিন জেলায় মত্স্য পুকুরগুলোর অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ৫ কোটি ৩ লাখ টাকারও বেশি। উপজেলা মত্স্য কর্মকর্তা তুষার কান্তি বর্মণ জানান, এলাকার মত্স্যচাষিরা এবার ব্যাপক লোকসানে পড়েছেন।
