স্পোর্টস রিপোর্টার
সর্বশেষ দর্শকসহ ক্রিকেট ম্যাচ হয়েছিল বাংলাদেশে; মার্চ মাসে। এরপর থেকে করোনা মহামারিতে ক্রিকেটই বন্ধ ছিল। কিছু কিছু জায়গায় ক্রিকেট ফিরলেও মাঠে দর্শক এখনো ফেরেনি। অবশেষে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটের মাধ্যমে খেলাটিতে দর্শক ফিরছে।
২৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় শুরু হবে স্বাগতিক নারী দলের সঙ্গে নিউজিল্যান্ড দলের সীমিত ওভারের সিরিজ। আর এই সিরিজেই সীমিতসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থাকবেন। ক্রিকেট অস্ট্রেলিয়া এই ম্যাচগুলোর জন্য টিকিট বিক্রি শুরু করার ১২ ঘণ্টার মধ্যে সব টিকিট শেষ হয়ে গেছে। মাঠে ধারণক্ষমতার অর্ধেক টিকিট বিক্রি করা হচ্ছে।
তবে দর্শকদের কিছু নিয়মকানুন মেনে খেলা দেখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে মাঠে ঢুকতে হবে এবং বসতে হবে দূরত্ব বজায় রেখে। এ ছাড়া জোরে চিত্কার করা ও গান করা যাবে না। তাতে মুখ থেকে ভাইরাস ছড়ানোর ভয় থাকে বলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
