দ্বিতীয়বার করোনা পজিটিভ সাইফ হাসানের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৫০

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সাইফ হাসানের পিছু ছাড়ছে না করোনা ভাইরাস। টানা দ্বিতীয়বার করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন তরুণ এই ক্রিকেটার। গতকাল বিসিবির বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৮ সেপ্টেম্বর প্রথম দফায় করোনা পরীক্ষা হয়েছিল সাইফের। সেখানে পজিটিভ এসেছিল তার ফলাফল। তারপর আইসোলেশনে ছিলেন তিনি। প্রথমবার পরীক্ষার ঠিক সাত দিন পর আবারও নমুনা নেওয়া হয় সাইফের। দ্বিতীয়বারও পজিটিভ হন তিনি। সাইফের সঙ্গে পজিটিভ হওয়া জাতীয় দলের ট্রেনার ট্রেভর নিক লি অবশ্য করোনামুক্ত হয়ে গেছেন। দ্বিতীয়বার পরীক্ষায় নেগেটিভ এসেছে তার পরীক্ষার ফলাফল।

গত ২৬ আগস্ট থেকে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনে যোগ দিয়েছিলেন সাইফ। শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছিলেন ডানহাতি এই ওপেনার। কিন্তু করোনার ধাক্কায় বাসায় অলস বসে থাকতে হচ্ছে তাকে। যার ফলে শ্রীলঙ্কা সিরিজের বাংলাদেশ দলে তার ডাক পাওয়ার সম্ভাবনা কমে আসছে। চলতি বছরের শুরুতে অভিষেক হওয়া সাইফ এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছেন।