স্বাস্থ্য অধিদপ্তরের কালো তালিকাভুক্ত তিন ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০০:১২

প্রায় ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের কালো তালিকাভুক্ত তিন ঠিকাদারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। পৃথক এই তিন মামলার আসামিরা হলেন, মেসার্স এম এইচ ফার্মার মালিক মো. মোসাদ্দেক হোসেন, মেসার্স অভি ড্রাগসের মালিক জয়নাল আবেদীন ও মেসার্স আলবিরা ফার্মেসির মালিক মো. আলমগীর হোসেন।

এম এইচ ফার্মার মালিক মো. মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তার বিরুদ্ধে ২ কোটি ৮৭ লাখ ৬৫ হাজার ৫৭৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১ কোটি ৬৪ লাখ ৪০ হাজার ২৩৬ টাকার সম্পদের তথ্য গোপনের কথা বলা হয়েছে। অবৈধ সম্পদের মধ্যে রংপুর সদরের বিভিন্ন মৌজায় জমি, বাড়ি, ঢাকায় দুটি ফ্ল্যাট ক্রয়, পুকুর, ডোবা ক্রয় ও ভবনের তথ্য রয়েছে।

অন্যদিকে অভি ড্রাগসের মালিক মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে ২ কোটি ৭৯ লাখ ৫১ হাজার ২৭২ টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া জয়নাল আবেদীনের বিরুদ্ধে ১ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ৭৮১ টাকার সম্পদের তথ্য গোপন ও ১ কোটি ৫ লাখ ৮৫ হাজার ৪৯১ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

আলবিরা ফার্মেসির মালিক মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে দুদকে তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৯৫ লাখ ৫০ হাজার ৮৫৭ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এর বাইরে দুদকের অনুসন্ধানে ৩০ লাখ ৬১ হাজার ৮৭৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া যায়। অর্থাত্ মোট ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ৭৩২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধ উপায়ে অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার অবৈধ সম্পদের মধ্যে রংপুর সদরের বিভিন্ন মৌজায় জমি, বাড়ি, ঢাকায় ফ্ল্যাট ক্রয়, পুকুর, ডোবা ক্রয়, গাড়ি ক্রয় ও ভবন নির্মাণের তথ্য উল্লেখ করা হয়েছে।