৯৯৯-এ মধ্যরাতে নির্যাতিত গৃহকর্মীর ফোন, উদ্ধার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০০:১৩

রাজধানীর জাপান গার্ডেন সিটির একটি বাসা থেকে সাবিনা নামে এক গৃহকর্মী ট্রিপল নাইনে (৯৯৯) ফোন করে তাকে উদ্ধারের কথা জানান। এরপরই গত মঙ্গলবার মধ্যরাতে পুলিশ তাকে উদ্ধার করে। পরে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয় আদাবর থানাপুলিশ।

ট্রিপল নাইনের পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, মধ্যরাতে ট্রিপল নাইনে সাবিনা ফোন করে তাকে উদ্ধারের কথা বলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। দুটি সন্তান গ্রামে বাবার বাড়িতে রেখে এক আত্মীয়ের মাধ্যমে ঐ বাসায় কাজ নেন। কিন্তু তার স্বামীর অত্যাচারে একটি হাত ভেঙে যায়। সেই ভাঙা হাত নিয়েই ঐ বাসায় কাজ করতেন। তবে ভারী কাজ তেমন করতে পারতেন না।

ভারী কাজ না করতে পারায় বাসার গৃহকর্ত্রী সব সময় তাকে মারধর করতেন। তিনি তার বাড়িতে চলে যেতে চান এবং প্রাণে বাঁচতে চান। কিন্তু বাসার লোকজন তাকে বাড়িতে যেতে দিচ্ছে না। তাকে জোর করে কাজ করাচ্ছে। এমনকি তাকে তার বাচ্চাদের সঙ্গেও ফোনে কথা বলতে দেওয়া হয় না।

আদাবর থানার এসআই আনোয়ার হোসেন জানান, আমরা ট্রিপল নাইনের ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। পরে গৃহকর্মী সাবিনাকে উদ্ধার করি এবং ফ্ল্যাট মালিক সমিতির সেক্রেটারি সাদেক উদ্দিনের জিম্মায় বুঝিয়ে দিই। গতকাল সকালে তিনি গৃহকর্মীকে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। ঐ গৃহকর্মী ট্রিপল নাইনে ফোন করে জানান, তিনি বাড়িতে পৌঁছে গেছেন।