মাদকের ভয়াবহ বিস্তৃতিকে সামাজিক বিপর্যয় হিসেবে বিবেচনা করে তা নিয়ন্ত্রণের কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী ও কাজী কানিজ সুলতানা অংশ নেন।
কমিটি দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের জন্য কাজের ওপর ভিত্তি করে সম্মানী ভাতা প্রদানের সুপারিশ করেছে। অতিদরিদ্রদের জন্য কর্মসূচি বাস্তবায়ন প্রকল্পে (৪০ দিনের কর্মসূচি) ২০০ টাকার পরিবর্তে একজন শ্রমিকের দৈনিক মজুরি ন্যূনতম ৫০০ টাকা করারও সুপারিশ করা হয়। কমিটি ত্রাণ অধিদপ্তর ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক বদলি সংক্রান্ত বিষয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করে তা পরবর্তী বৈঠকে উপস্থাপনের অনুরোধ করেছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর মেরামত কাজ অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে শেষ করার তাগিদ দেওয়া হয়। বর্তমান দুর্যোগ মোকাবিলায় এই মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোরও সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
এদিকে গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করে সীমিত আকারে সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করাসহ প্রত্নস্থলসমূহ পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা ও সেলিনা ইসলাম অংশ নেন।
বৈঠকে জানানো হয়, ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে বাংলা একাডেমি বঙ্গবন্ধুকে উত্সর্গ করে ১০০টি গ্রন্থ প্রণয়ন ও প্রকাশের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। পুতুলনাট্য শিল্পের গৌরবময় অর্জনে বিশেষ উত্সাহ ও উদ্দীপনা সৃষ্টিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক বাংলাদেশের সব পুতুলনাট্য দলের ও শিল্পীদের উন্নয়নকল্পে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়। এছাড়া বেসরকারি গ্রন্থাগারসমূহের রক্ষণাবেক্ষণ খাতে অনুদান বৃদ্ধিপূর্বক লাইব্রেরি পরিচালনায় আগ্রহী ছাত্র-ছাত্রীদের নিয়োজিত করে তাদেরকে বার্ষিক বিশেষ সম্মানী প্রদানের বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণের কার্যক্রম মন্ত্রণালয়ে চলমান রয়েছে বলেও কমিটিকে অবহিত করা হয়। সভায় ‘মুজিব বর্ষ’ পালনের কর্মসূচিতে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে এ বিষয়ে গ্রন্থ প্রকাশ এবং নাটক মঞ্চস্থ করার ক্ষেত্রে যেন ইতিহাস বিকৃতি না ঘটে সেদিকে লক্ষ্য রেখে প্রাসঙ্গিক ও মানসম্পন্ন পাণ্ডুলিপি গ্রহণের সুপারিশ করা হয়।
