গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৬ জানুয়ারি এই মামলার অভিযোগ গঠনের শুনানিতে তাকে হাজির করতে বলা হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।
গতকাল এই মামলার অভিযোগ গঠনের উপর শুনানির দিন ধার্য ছিল। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিএনপি চেয়ারপারসনকে আদালতে হাজিরের জন্য আবেদন জানান। তিনি বলেন, ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির জন্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে। এর মধ্যে এক মাস পেরিয়ে গেছে। অথচ অভিযোগ গঠন হয়নি।
এ পর্যায়ে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, উনি জেলখানায় রয়েছেন। এ কারণে আদালতে হাজির হননি। এটা করার দায়িত্ব কারা কর্তৃপক্ষের। শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দেয়।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করা হয়। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আসামিদের মধ্যে ছয় জন মৃত্যুবরণ করেছেন।
