সাকিবের দলে থেকেই খুশি বেল

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২৩:০৭

৩৬ বছর বয়স হয়ে গেছে। কখনোই টি-টোয়েন্টির জন্য বড় কোনো খেলোয়াড় নন। মূলত টেস্ট ক্রিকেটার হিসেবেই খ্যাত তিনি। তারপরও ঢাকা ডায়নামাইটস দলে এনেছে বিখ্যাত ইংলিশ ওপেনার ইয়ান বেলকে। দলে আছেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ এখনো মেলেনি।

ম্যাচ খেলতে না পারায় একটুও হতাশ নন বেল। তিনি বরং এখানে, এই বয়সে এসেও নতুন কিছু শিখছেন বলে দাবি করছিলেন। সেই সঙ্গে সাকিব আল হাসানের দলে থাকতে পারাটাই বড় প্রাপ্তি মনে করছেন বেল।

বাংলাদেশে সময়টা খুব ভালো কাটছে উল্লেখ করে বেল বলছিলেন, তাদের দল জয়ের ধারায় আছে বলেই সময়টা বেশি উপভোগ্য হচ্ছে, ‘আমি বাংলাদেশে আমার সময়টা খুব উপভোগ করছি। গত সপ্তাহটা অসাধারণ গেছে। আমরা খুব ভালো কিছু ক্রিকেট খেলেছি। ভালো শুরু করেছি, দুটো জয় পেয়েছি। ফলে আমি খুব উপভোগ করছি। আশা করি, কোনো এক সময়ে গিয়ে আমি কিছু ম্যাচ খেলার সুযোগ পাব। কিন্তু এটা আমাদের জন্য দারুণ একটা শুরু। ফলে সময়টা খুব মজায় কাটছে।’

নিজের একাদশে সুযোগ না পাওয়া নিয়ে তেমন হতাশা নেই বেলের। তিনি বুঝতে পারছেন যে, এই তারকাখচিত দলে সুযোগ পাওয়াটা সোজা ব্যাপার নয়, ‘আমরা খুব ভাগ্যবান যে, আমাদের দলে এক ঝাঁক বিশ্বমানের খেলোয়াড় আছে। আর তারা সবাই ভালো খেলছে। আমি সুযোগ পেলে সেটা তো খুব ভালো। আর সুযোগ না পেলেও আমি এখানে শেখার ও অনুশীলন করার ভালো সুযোগ পাচ্ছি। এখানে সুযোগ-সুবিধা খুব ভালো। এই সব বিশ্ব মানের ক্রিকেটারদের সঙ্গে এক সঙ্গে থাকাটাও একটা উপভোগ্য ব্যাপার। তারা এখন যেভাবে খেলছে, তাতে দলে জায়গা পাওয়াটা খুব কঠিন।’

হয়ত বিগ ব্যাশের খেলার একটা সুযোগ পেতেও পারতেন। কিন্তু বেল বলছিলেন, বিগ ব্যাশের চেয়ে বাংলাদেশে খেলাটা বেশি উপকারী। বিশেষ করে ইংলিশ তরুণ ক্রিকেটারদের কথা ভেবে বলছিলেন, ‘এটাই তো ভালো, তাই না? আমি মনে করি, ইংলিশ ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে এটা যে কোনো খেলোয়াড়ের জন্য এখানকার কন্ডিশনে এসে খেলাটা একটা অসাধারণ ব্যাপার। দেশে আমরা সাদা বলের ক্রিকেটে খেলা এবং নিজের স্বচ্ছন্দের এলাকা ছেড়ে বেরোনোর ব্যাপারে খুব আগ্রহী। এটা (বিপিএল) নিজেকে আরেকটা ভালো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। আমার বয়স একটু বেশি হয়ে গেছে। তারপরও আমার বয়সে এখানে আসা এবং এখানে এসে সাকিবের মতো বিশ্বসেরা খেলোয়াড়ের সঙ্গে ভিন্ন কন্ডিশনে খেলা একটা অসাধারণ ব্যাপার। আমাদের তরুণরা যারা এখানে এসেছে, তারা অবশ্যই আরও ভালো ক্রিকেটার হয়ে দেশে ফিরবে।’

সবমিলিয়ে বেলের ধারণা, তার জন্য সাকিব আল হাসানের দলে এই বয়সে এসে খেলাটা অসাধারণ একটা অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা নিয়েই ফিরতে চান তিনি, ‘আমি অনেক টেস্ট খেলেছি বিভিন্ন দেশে। কিন্তু খুব বেশি ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার সুযোগ হয়নি। আমার কাছে এই অভিজ্ঞতাটা খুব ভালো হচ্ছে। সাকিবের মতো একজন খেলোয়াড়ের দলে খেলতে পারাটা আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা। সেই সঙ্গে পোলার্ড, রাসেল ও নারিনের সঙ্গে খেলাটাও দারুণ ব্যাপার।’