ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রিসের লেসবস দ্বীপের মোরিয়া আশ্রয় কেন্দ্রের হাজার হাজার শরণার্থী এবং অভিবাসীকে পার্শ্ববর্তী নতুন একটি শিবিরে সরিয়ে নিচ্ছে দেশটির পুলিশ। নারী এবং শিশুদের পাশের অস্থায়ী কারা টেপে শিবিরে সরিয়ে নেওয়ার জন্য দেশটির পুলিশের অন্তত ৭০ নারী সদস্য কাজ শুরু করেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।
গত সপ্তাহে লেসবসের মোরিয়া শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। শিবিরে আগুন ধরিয়ে দেওয়ার জন্য বুধবার চার আফগান আশ্রয়প্রার্থীকে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে কারা টেপে শিবিরে ১ হাজার ৮০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে দেশটির সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন। মোরিয়া আশ্রয় কেন্দ্র অত্যধিক জনাকীর্ণ এবং নোংরা হওয়ায় শরণার্থী এবং অভিবাসীদের অনেকেই লেসবসে থাকতে চান না। তারা ইউরোপের যে কোনো দেশে, বিশেষ করে জার্মানিতে যেতে চান।
