ক্রিকেটারদের করোনা পরীক্ষা

দ্বিতীয় ধাপ শুরু আজ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:০৬

শ্রীলঙ্কা সফরের আগে চারবার করোনা পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত প্রথম ধাপের করোনা পরীক্ষায় জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান ও ট্রেনার ট্রেভর নিক লি করোনা পজিটিভ হয়েছিলেন। আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপে জাতীয় দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা।

যার জন্যই মিরপুরে ক্রিকেটারদের অনুশীলনে তিন দিনের বিরতি দেওয়া হয়েছে। বিশ্রামে থাকা ক্রিকেটারদের বাসায় গিয়ে নমুনা নেওয়া হবে আজ। বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী আজ করোনা পরীক্ষার জন্য নমুনা দেবেন লঙ্কা সফরের প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের মধ্যে যারা এখন ঢাকায় অবস্থান করছেন।

আগামীকাল নমুনা দেবেন ঢাকার বাইরে থাকা ক্রিকেটাররা। ইতিমধ্যে ঢাকার বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের ঢাকায় তলব করা হয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসানদের ঢাকায় ফিরতে বলা হয়েছে। আগামীকালই বেশির ভাগ ক্রিকেটার ঢাকায় পৌঁছাবেন। পরদিন তারা পরীক্ষার জন্য নমুনা দেবেন।

এরপর ২০ সেপ্টেম্বর আবার মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলন শুরু হবে।