বগুড়ার সান্তাহার পৌর শহরের ব্যস্ততম নওগাঁ রোডে বর্ষায় জলাবদ্ধতা এবং খরায় বাতাসে ওড়ে ধুলা-ময়লা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষজনকে। সান্তাহার ও নওগাঁ জেলা শহরের মধ্যে চলাচলের রাস্তা এটি। এ সড়কে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই। বৃষ্টির পানি জমে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শহরের মধ্যে প্রায় ১ কিলোমিটার রাস্তায় দীর্ঘদিন পানি আটকে থাকে। রোদ ছাড়া এ জলাবদ্ধতা সরে না। এ সময় সড়কে অসহনীয় যানজট সৃষ্টি হয়। পথচারীরা পায়ে হেঁটে চলাচল করতে পারেন না। খরায় পানি শুকিয়ে বাতাসে উড়ে বেড়ায় ধুলা ও আবর্জনা। এ সময় রাস্তায় চলাচলে অসুবিধা হয়। দোকানপাটে ধুলাবালি ঢুকে পড়ে। নওগাঁ সড়কের দুই পাশে শপিংমল, বিভিন্ন শোরুম, দোকানপাট, কলকারখানা, বিনোদনকেন্দ্র, পুলিশ ফাঁড়ি, পৌরভবন, স্কুল ও সরকারি দপ্তরসহ নানা প্রতিষ্ঠান। সড়কে পানি বেধে থাকায় এসব প্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টি হয়। অথচ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেওয়া হয় না। পরিশেষে এই গুরুত্বপূর্ণ সড়কে দ্রুত ড্রেন নির্মাণের জন্য সংশিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাকলাইন লেনিন, আদমদীঘি, বগুড়া
