ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতার প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগর ভবনের বুড়িগঙ্গা হলে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় ডিএসসিসির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ‘মুজিববর্ষের মহান বিজয় দিবসে আত্মমর্যাদাশীল ঢাকাকে বিশ্বব্যাপী পরিচিত করতে আমাদের এই আয়োজন। সে আয়োজনে কোনো কমতি রাখা যাবে না এবং আয়োজন হতে হবে জাঁকজমকপূর্ণ। একটি বিশ্বমানের প্রতিযোগিতা আয়োজনে আপনারা সকলেই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে এগিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি।
এ সময় তিনি ম্যারাথন প্রতিযোগিতার রুট-ম্যাপ নির্ধারণ করে সেই অনুযায়ী কাজ শুরু করতে সব দপ্তরকে নির্দেশনা দিয়ে বলেন, রুট-ম্যাপ করার সময় আপনারা ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে বিশ্বদরবারে উপস্থাপন করার বিষয়টি বিবেচনায় নেবেন। ডিএসসিসি মেয়র সেই রুট-ম্যাপ ধরে যত ধরনের অবৈধ স্থাপনা এবং দখলদারিত্ব রয়েছে সেগুলোও উচ্ছেদ করার এবং ম্যারাথন-রুটকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে নির্দেশ দেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদ, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, জিএম ট্রান্সপোর্ট বিপুল চন্দ্র বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
