দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা মামলায় গ্রেফতারকৃত আসামি ঘোড়াঘাট ইউএনও অফিসের বরখাস্তকৃত মালি রবিউল ইসলামকে ছয় দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আবার তিন দিনের রিমান্ডে নিয়েছে দিনাজপুর ডিবি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফর সাংবাদিকদের জানান, ছয় দিনের রিমান্ড শেষে আসামি রবিউল ইসলামকে আমরা আদালতে হাজির করে আরো সাত দিনের রিমান্ডের আবেদন করি। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা তাকে আবার রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তাকে ১৬৪ ধারায় স্বীকারেক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য কোনো আবেদন দেইনি।
গত ২ সেপ্টেম্বর রাতে সরকারি বাসভবনে ঢুকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত পাঁচ জন আসামিকে গ্রেফতার দেখিয়েছে দিনাজপুর ডিবি পুলিশ। রবিউল ছাড়া অন্য আসামিরা হলেন—ঘোড়াঘাটের বহিষ্কৃত যুবলীগ নেতা আসাদুল ইসলাম, রংমিস্ত্রি নবীরুল ইসলাম, সান্টু কুমার দাস ও ইউএনওর বাসভবনের নৈশ প্রহরী নাদিম হোসেন পলাশ। এই চার জন আসামি বর্তমানে দিনাজপুর জেল হাজতে।
ইত্তেফাক/আরএ
