জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত ৭১ বছরে পা দেওয়া নরেন্দ্র মোদি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:১০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল ৭১ বছরে পা দিয়েছেন। তার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ে শুভেচ্ছার বন্যা। প্রথমেই শুভেচ্ছা জানান বিজেপি সভাপতি জেপি নাড্ডা। শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস এমপি রাহুল গান্ধীও। এছাড়া বিভিন্ন মন্ত্রীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দও নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা জানান। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন মোদি। খবর নিউজ ১৮ ও ইন্ডিয়া টাইমসের

মোদির জন্মদিন উপলক্ষ্যে সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সপ্তাহ। জেপি নাড্ডা জানান, সেবা সপ্তাহ উপলক্ষ্যে বেছে নেওয়া হয়েছে ৭০টি জায়গাকে। ৭০টি জায়গায় ফল বিতরণ করা হবে দুঃস্থজনের মধ্যে। স্বচ্ছতার কর্মসূচি চালানো হবে। ৭০ জন বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষকে প্রয়োজনীতার সাপেক্ষে সরঞ্জাম দেওয়া হবে। গতকাল সকাল থেকেই প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষ্যে নানা বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদিও সবই হয় কোভিড পরিস্থিতিকে স্মরণে রেখে। মোদির নিজের রাজ্য গুজরাটের সুরতের প্রশাসন ৭০ হাজার গাছের চারা বিতরণ করেছে শহর জুড়ে। তামিলনাড়ুতে বুধবার থেকেই ছিল উত্সবের মেজাজ। ৭০ কেজি লাড্ডু তৈরি করা হড শিভন কামাচি আম্মান মন্দিরে। এছাড়া দলের গতকাল জায়গায় জায়গায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিসহ অনেকে।