অস্ত্র মামলায় সাহেদের যাবজ্জীবন সাজা চাইল রাষ্ট্রপক্ষ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৫

অস্ত্র আইনের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিনে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে এ আবেদন করেন। আইনজীবীরা আদালতে বলেন, জব্দকৃত এক রাউন্ড গুলিভর্তি অবৈধ রিভলবারটি আসামি সাহেদের। তার গাড়ির ভেতর থেকে এ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তাই অস্ত্র আইনে তার সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাহেদের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। আগামী রবিবার পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। এদিকে মামলার শুনানিকালে বিচারকের দৃষ্টি আকর্ষণ করে সাহেদ বলেন, আপনি কারা কর্তৃপক্ষকে বলে দিন যাতে আমাকে একটু ভালো জায়গায় রাখে। বিচারক বলেন, কারাগারে আসামি কোথায় থাকবে সেটা কারা কর্তৃপক্ষের বিষয়। কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়ে থাকে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তাপস কুমার পাল ইত্তেফাককে বলেন, অস্ত্র আইনের ১৯(ক) ধারায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঐ ধারায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন দণ্ডের কথা বলা হয়েছে।