উপনির্বাচন

ঢাকা-৫ আসনে ৭ জনের মনোনয়নপত্র জমা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৩

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় গতকাল শেষ হয়েছে। এ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২০ সেপ্টেম্বর রবিবার মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, গণফ্রন্টের এইচএম ইব্রাহিম ভুঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার, ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) লুত্ফুর রহমান। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-৫ আসনের রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন গতকাল বলেন, ঢাকা-৫ আসনে মোট সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী রবিবার মনোনয়নপত্র বাছাই করা হবে।

গত ৩ সেপ্টেম্বর ঘোষিত তপশিল ২০ সেপ্টেম্বর যাচাই বাছাই। আর ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ হবে।