ব্যারিস্টার আসিফের স্ত্রী-শ্বশুরসহ চার জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৫

রাজধানীর কাঁঠালবাগানে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান জিসাদের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী সাবরিনা শহীদ নিশিতাসহ চার জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসিফের বাবা শহীদুল ইসলাম খান বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করেন। মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন :আসিফ ইমতিয়াজের শ্বশুর এ এস এম শহীদুল্লাহ মজুমদার, শাশুড়ি রাশেদা শহীদ ও শ্যালক সায়মান শহীদ নিশাত।

আদালতে বাদীপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন ও সাবেক সভাপতি কাজী নজিবুল্লাহ হিরু শুনানি করেন। ইকবাল হোসেন জানান, আসিফ ইমতিয়াজের শ্বশুরবাড়ির লোকজনের কথায় শহীদুল ইসলাম একটি অপমৃত্যুর মামলা করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে পারিপার্শ্বিক ঘটনা, সুরতহাল রিপোর্ট ও আসামিদের আচরণে বাদী বুঝতে পেরেছেন যে আসিফ লাফিয়ে পড়ে আত্মহত্যা করেননি বরং তাকে হত্যা করে ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে। তাই দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় নিহত আসিফের বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। আদালত কলাবাগান থানাকে এই মামলার অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে তা নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

গত ১১ সেপ্টেম্বর শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের ১৬৩ নম্বর বাসার নিচ থেকে সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলামের ছেলে ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান জিসাদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন।