অবিলম্বে নবম পে-কমিশন গঠনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের জন্য এই দাবি তুলে ধরা হয়। গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ লিখিত বক্তব্যে জানান, নবম পে-কমিশন গঠনসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৪০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, বেতন বৈষম্য দূর করতে বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশের স্থানে ২০ শতাংশ নির্ধারণ, সচিবালয়ের মতো সমকাজে সমমর্যাদা ও পদবি পরিবর্তন, আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে শূন্য পদসমূহে রাজস্ব খাতে নিয়োগ, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, পূর্বের মতো শতভাগ পেনশন প্রদানসহ পেনশন গ্রাচ্যুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করার বিষয়টি নিশ্চিত করতে সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করা হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি এম এ মান্নান, নিজামদ্দিন পাটোয়ারী, এম. এ আওয়াল, মো. সেলিম ভূঁইয়া, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ, মো. মোজাম্মেল হক, মো. আজিম, আম্বিয়া বেগম পলি, খন্দকার আক্কাছ, মোক্তার হোসেন ও মো. কামাল হোসেন শিকদার প্রমুখ।
