চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পড়ে যাওয়া জুতা তুলতে গিয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর ফিরিঙ্গিবাজারের অভয়মিত্র ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই কিশোর হলো, নগরীর আলকরণ দোভাষ কলোনির ঝন্টু দেবের পুত্র অংকন দেব (১৫) ও দোলন দাশের পুত্র জয়ন্ত দাশ জিতু (১৬)। অংকন নগরীর জে এম সেন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও জিতু আলকরণ উচ্চ বিদ্যালয়ের একই শ্রেণির ছাত্র।
নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা ইত্তেফাককে জানান, আলকরণ এলাকার সাত স্কুলছাত্র কর্ণফুলী নদীর ফিরিঙ্গিবাজারের অভয়মিত্র ঘাটে ঘুরতে যান। এ সময় জিতুর স্যান্ডেল পড়ে যায় নদীতে। নদীতে তখন জোয়ার ছিল। জিতু সেটি নেওয়ার চেষ্টা করলে পা পিছলে নদীতে পড়ে যায়। তাকে টেনে তুলতে গিয়ে সহপাঠী অংকনও পড়ে যায়। দুই জনই তলিয়ে যেতে থাকে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
