সিঙ্গাইরে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০০:০৩

মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে সৌরভি (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে  থানা পুলিশ। নিহত সৌরভি উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ে এবং একই ইউনিয়নের পাহাড়পুর গ্রামের আসলাম হোসেনের ছেলে আহাদ নূরের (২৪) স্ত্রী। এ ঘটনায় স্বামীর বাড়ি থেকে বলা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সৌরভি (১৯) ঘরের মধ্যে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। অপরদিকে নিহতের স্বজনদের দাবি আত্মহত্যা নয়, সৌরভিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যা, না পরিকল্পিত হত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। জানাগেছে, ৮ মাস আগে তাদের বিয়ে হয়। পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্বামী আহাদ নূর ও স্ত্রী সৌরভির মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। গত রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল।