মানিকগঞ্জে পায়ুপথে পেটে বাতাস ঢুকিয়ে জুলহাস (৩৯) নামে এক শ্রমিককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে চার জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। নিহত জুলহাস সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে। তিনি আকিজ টেক্সটাইলে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নে অবস্থিত আকিজ টেক্সটাইলের ভেতর শ্রমিক জুলহাসকে তার চার সহকর্মী পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্যাতন করে। আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে বেলা ৩টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়? নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত জুলহাসের স্ত্রী চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েক জনকে আসামি করে মামলা করেন। রাতেই জুলহাসের চার সহকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
