দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম গত ১৫ সেপ্টেম্বর গণতন্ত্র দিবসে নিজের পত্রিকায় যে নিবন্ধ লিখেছেন সেটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও নির্জলা মিথ্যাচার বলে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঐ নিবন্ধে খালেদা জিয়ার বিরুদ্ধে ও ২১ আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে নির্জলা মিথ্যাচার করা হয়েছে। খালেদা জিয়াকে নিয়ে ওয়ান-ইলেভেনের কুশীলবরা মিথ্যাচার করছেন।
গতকাল শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাহফুজ আনামকে ওয়ান-ইলেভেনে গণতন্ত্র ধ্বংসের প্রধান কুশীলবদের অন্যতম হোতা দাবি করে রিজভী বলেন, মাহফুজ আনামের ঐ নিবন্ধে খালেদা জিয়াকে নিয়ে তিনি সরাসরি ও ইঙ্গিতে যে মন্তব্য করেছেন তাতে জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। তিনি গণতন্ত্রের কথা বলতে গিয়ে ইনিয়ে-বিনিয়ে বারবার বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছেন। যা হলুদ সাংবাদিকতা ও বর্তমান মিডনাইট সরকারের নির্লজ্জ স্তুতিরই সমতুল্য।
সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রনেতা খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, সাইফুল আলম নীরব, মীর সরাফত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
