স্পোর্টস রিপোর্টার
স্বাভাবিক গতিতেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফরের জন্য প্রয়োজনীয় সব আয়োজন। পরিকল্পনা অনুযায়ী গতকাল শুক্রবার থেকে দ্বিতীয় ধাপে ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। আগামীকাল শুরু হওয়ার কথা জাতীয় দলের ক্যাম্প। সাত দিনের আবাসিক ক্যাম্পে চলবে লঙ্কা মিশনের প্রস্তুতি। কাল সকালে ‘বায়ো-সিকিউরড এনভায়রনমেন্ট’ তথা জৈব সুরক্ষা পরিবেশ বলয়ের অধীনে অন্তর্ভুক্ত হয়ে যাবেন মুমিনুল-মুশফিকরা।
জাতীয় দলের এই ক্রিকেটাররা পরিবার ছেড়ে রোববার সকালে হোটেলে উঠবেন। কলম্বোগামী বিমানে চড়ার আগে টানা সাত দিন রাজধানীর হোটেল সোনারগাঁ থাকবে জাতীয় দল। এখানেই জৈব সুরক্ষা বলয় তৈরি করছে বিসিবি। হোটেল থেকে নির্দিষ্ট পরিবহনে মাঠে অনুশীলন করতে যাবেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে আবার একইভাবে হোটেলে ফিরবেন।
ইতিমধ্যে হোটেলটিতে দুই ফ্লোর ভাড়া নিয়েছে বিসিবি। জাতীয় দলের তিন বিদেশি কোচ এখন এই হোটেলেই আছেন। হেড কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুকদের সঙ্গে যোগ দেবেন তামিম ইকবালরা। প্রত্যেকের জন্যই থাকবে আলাদা রুম। ক্রিকেটারদের থাকা ফ্লোরগুলোতে জনসাধারণের প্রবেশ সংরক্ষিত থাকবে। আলাদা জিম, রেস্টুরেন্ট ব্যবহার করবেন তারা।
বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল জানিয়েছেন, আগামীকাল সকালেই হোটেলে উঠে যাবে পুরো দল। হোটেল সোনারগাঁয়ে ক্রিকেটারদের বিশেষ আয়োজনে থাকা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওখানে নির্দিষ্ট দুইটি ফ্লোর নিয়ে নিচ্ছি আমরা। রেস্টুরেন্ট আমাদের জন্য আলাদা থাকবে। জিম আলাদা। সবকিছু আলাদা হবে। ক্রিকেটাররা এর বাইরে যাবে না। ওটাই একটা বায়ো সিকিউরড এনভায়রনমেন্ট। এখানেই তারা থাকবে, এর বাইরে কমন জায়গাগুলোতে তারা যাবে না।’
গতকাল ১৮ ক্রিকেটারের সঙ্গে হোটেলের ৩৫ জন কর্মীর করোনা পরীক্ষা করিয়েছে বিসিবি। সাত দিন এসব কর্মীরাই ক্রিকেটারদের সংস্পর্শে আসবেন এবং তাদের প্রয়োজনীয় সেবা দিবেন। হোটেল কর্মীরাও এই জৈব সুরক্ষা বলয়ের পরিবেশে থাকবেন। দেবাশীষ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘তাদের মধ্যে যারা নেগেটিভ হবে, ওদের সবাইকে হোটেলের একটা ডরমেটরি আছে, ওখানে থাকবে। ওরাও বাইরে যাবে না।’
মুমিনুলদের হোটেল থেকে মাঠে আনার জন্য ঠিক করা হয়েছে দুটি বাস। দুজন ড্রাইভারের করোনা পরীক্ষা করা হয়েছে ইতিমধ্যে এবং তাদের আইসোলেশনে রাখা হয়েছে। বিসিবির প্রধান চিকিত্সক জানালেন, ‘দুইটা বাসের ড্রাইভারকে টেস্ট করে আমরা আলাদা করে রেখেছি। ওরাও সাত দিনের জন্য পুরো আলাদা থাকবে।’
