রাজশাহীতে ট্রাকের চাপায় ছাগলের মৃত্যুতে চালককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৬

রাজশাহীর বাগমারায় ট্রাক চাপায় দুটো ছাগলের মৃত্যুর ঘটনায় ট্রাক চালক আবু তালেবকে (৩৩) পিটিয়ে হত্যা করেছেন ছাগল মালিক ও তার লোকেরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাকে মারপিট করা হলে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে তিনি মারা যান তালেব। নিহত আবু তালেব পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার বাসিন্দা।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ শিবজাইট এলাকায় জনৈক গোলাম মোস্তফার দুটি ছাগলকে চাপা দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে আসেন চালক আবু তালেব। পরে ছাগলের মালিক গোলাম মোস্তফা ১০/১৫টি মোটরসাইকেলে সমর্থক লোকজন ডেকে নিয়ে ট্রাকের পিছু ধাওয়া করেন। রাত সোয়া ৮টার দিকে তারা অন্তত ১৬ কিলোমিটার দূরে পুঠিয়া উপজেলার বাসুপাড়ায় এসে ট্রাক চালক আবু তালেবকে আটক করেন। এসময় তাকে পিটিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে চলে যান তারা। 

খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে তিনটার দিকে ট্রাক চালক আবু তালেব মারা যান। এ ঘটনায় পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ছাগলের মালিক ও তার সহযোগীদের আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি। 

ইত্তেফাক/এসি