ক্যাম্পের জন্য ডাক পেলেন ২৭ ক্রিকেটার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১৪

বৈশ্বিক মহামারি করোনা সঙ্কট কাটিয়ে ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে এরই মধ্যে ক্রিকেটাররা একক অনুশীলন করছেন দীর্ঘ দিন ধরে। তবে এবার দলগত অনুশীলন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই রবিবার ( ২০ সেপ্টেম্বর) থেকে হোটেলে থাকবেন তারা। 

টাইগারদের লঙ্কা সফর হবে কিনা তা এখন পর্যন্ত কেউ পরিষ্কার করে বলতে পারছেন না। দুই দেশের ক্রিকেট বোর্ডের চিঠি চালাচালিতেই আটকে আছে শ্রীলঙ্কা সফর। লঙ্কান বোর্ডের দেয়া নিয়মের শিথিলতা না আসলে হয়তো বাতিলই হবে করোনা পরবর্তী টাইগারদের প্রথম এই সফর। তবে সফর বাতিল হলেও মাঠে ক্রিকেট ফেরাতে চান বিসিবি সভাপতি। 

তবে সফর হোক বা না হোক শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিতে কমতি রাখছে না বিসিবি। তাইতো প্রস্তুতির অংশ হিসেবে দুই দফা করোনা পরীক্ষা করা হয়েছে ক্রিকেটার, কোচিং স্টাফদের।
দুই দফা পরীক্ষা শেষে বিসিবি জানিয়েছে আগামীকাল রবিবার ২৭ ক্রিকেটারকে টিম হোটেলে রাখা হবে। এখান থেকেই নিয়মিত অনুশীলন করবেন তারা। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই স্কিল ট্রেনিং চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

২৭ সদস্যের দলে আছেন:

মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সাইফ হাসান।

ইত্তেফাক/এসআই