জুভেন্তাসকে রুখবে কে?

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১০

মাঠে নামছে রিয়ালও

 স্পোর্টস ডেস্ক

টানা দশম লিগ শিরোপায় চোখ রেখে সিরি’আয় আজ রাতে মাঠে নামছে শিরোপাধারী জুভেন্তাস। তবে দলটির পরিস্থিতি আর লিগের অন্যান্য দলের শক্তিসামর্থ্য জানান দিচ্ছে, অন্য যে কোনো বারের চেয়ে কঠিন এক লিগই অপেক্ষা করছে ক্রিশ্চিয়ানো রোনালদোদের জন্যে। এদিকে রিয়াল মাদ্রিদও নিজেদের চলতি লিগ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে আজ, প্রতিপক্ষ সাম্পদোরিয়ার আতিথ্য নেবে কোচ আন্দ্রেয়া পিরলোর দল।

গেল মৌসুমে জুভেন্তাস লিগ জিতেছিল বেশ খেটেখুটেই, এর পরও তত্কালীন কোচ মাউরিজিও সারি চাকরি হারিয়েছেন দলটিকে অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে না পারার ব্যর্থতায়। তার জায়গা নিয়েছেন একেবারেই আনকোরা পিরলো।

দলেও এসেছে পরিবর্তন। মিরালেম পিয়ানিচ, গঞ্জালো হিগুয়েইন কিংবা ব্লেইস মাতুইদিরা দল ছেড়েছেন। বার্সেলোনা থেকে এসেছেন আর্থার মেলোর মতো মিডফিল্ডার। গুঞ্জন আছে আর্থারেরই সাবেক সতীর্থ লুই সুয়ারেজ পাড়ি জমাতে পারেন তুরিনে। সবকিছু খাপে খাপে মিললে তবেই যোগ দেবেন দলটিতে।

সুয়ারেজ শেষতক জুভেন্তাসে পাড়ি জমান আর না জমান, নতুন কোচের নতুন কৌশল আর নতুন খেলোয়াড়ে মানিয়ে নিতে কিছুটা সময় অবশ্যই প্রয়োজন পড়বে দলটির। যারই সুযোগ নিতে পারে সিরি’আর বাকি দলগুলো।

গেলোবার জোর চেষ্টা করেও রানার্স আপ হয়েছিল ইন্টার মিলান। ক্ষয়িষ্ণু জুভেন্তাসের সুযোগটা এবার তাই কাজে লাগাতে মরিয়া কোচ অ্যান্তোনিও কন্তে। মৌসুম শুরুর সংবাদ সম্মেলনে বলেই দিয়েছেন, ‘হয় এখনই, না হয় কখনো নয়’। সে লক্ষ্যে দলও গোছাচ্ছে নেরাজ্জুরিরা। বার্সেলোনা থেকে আর্তুরো ভিদালকে দলে ভেড়ানোর চেষ্টায় আছে দলটি, আগেই এনে রেখেছে আলেক্সান্দার কোলারভের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে। পাশাপাশি দলে টেনেছে আচরাফ হাকিমিদের মতো তরুণদেরও। ধরে রেখেছে স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকেও। তাই ধারণা করা হচ্ছে, শিরোপার পথে ইন্টার থেকেই প্রধান বাঁধার মুখোমুখি হবে জুভেন্তাস।

ছেড়ে কথা বলবে না চ্যামিপয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালিস্ট আতালান্তাও। গেল দুই মৌসুমে দলটির পারফরম্যান্সও বলছে তাই। এদিকে ন্যাপোলি, রোমা, এসি মিলানও চলতি মৌসুমে শিরোপার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে জুভেন্তাসের।

এদিকে লা লিগা শিরোপাধারী রিয়াল মাদ্রিদের সামনে শিরোপা ধরে রাখার মিশন থাকলেও জুভেন্তাসের চেয়ে কাজটা কিছুটা সহজ টানা দশমবার শিরোপাজয়ের চাপ নেই বলে। এমন মিশন আজ দলটি শুরু করছে ঘরের মাঠে, রিয়াল সোসিয়েদাদের আতিথ্য নিয়ে। গেলোবারের রানার্স আপ বার্সেলোনা অবশ্য মাঠে নামবে আরো এক রাউন্ড পর। আগামী ২৭ সেপ্টেম্বর দলটি নিজেদের মাঠে খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে।