নাগরিক শোকসভায় বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে সদা জাগ্রত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী। তিনি আজীবন সমাজের দরিদ্র, নিপীড়িত, সংখ্যালঘু, আদিবাসী ও নারী-শিশু অধিকার প্রতিষ্ঠার কাজে নিবেদিত ছিলেন। তার ত্যাগ সমাজে অবিস্মরণীয় হয়ে থাকবে। সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের যুগ্ম সমন্বয়ক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সদ্য প্রয়াত জিয়াউদ্দিন তারিক আলীর মৃত্যুতে গতকাল ভার্চুয়াল নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলী। শোকসভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য রামেন্দু মজুমদার, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এম এম আকাশ প্রমুখ। সভা সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য খুশী কবির।
