সাপ্তাহিক গেইনারে বিমা খাতের আধিপত্য

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৩

ইত্তেফাক রিপোর্ট

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১২টির বা ৫৮ দশমিক ৮৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ডিএসইর টপটেন গেইনারে বিমা খাতের আধিপত্য দেখা গেছে। টপটেন গেইনারের আটটি বা ৮০ শতাংশই দখল করেছে বিমা খাতের কোম্পানিগুলো।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনারের প্রথম সাতটি এবং ১০ নম্বরে বিমা কোম্পানি দখল করেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রভাতী ইনসিওরেন্সের শেয়ার দর ৪১ দশমিক ৪০ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে উঠে আসে। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে প্রভাতী ইনসিওরেন্সের শেয়ার দর ছিল ৩৬ দশমিক ৮০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫২ টাকায়। অর্থাত্ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ১৫ দশমিক ২০ টাকা বা ৪১ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রভাতী ইনসিওরেন্স ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা বিমা খাতের অন্য কোম্পানিগুলোর মধ্যে নিটল ইনসিওরেন্সের ৩১ দশমিক ৫৯ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনসিওরেন্সের ২৫ দশমিক ৪৪ শতাংশ, এশিয়া ইনসিওরেন্সের ২৫ দশমিক ৩১ শতাংশ, জনতা ইনসিওরেন্সের ২৩ দশমিক ০৪ শতাংশ, পিপলস ইনসিওরেন্সের ২২ দশমিক ৭৩ শতাংশ, গ্লোবাল ইনসিওরেন্সের ২২ দশমিক ৬৪ শতাংশ এবং রিপাবলিক ইনসিওরেন্সের শেয়ার দর ১৮ দশমিক ১৮ শতাংশ বেড়েছে।

এছাড়া সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় স্থান পাওয়া অন্য দুই কোম্পানির মধ্যে মুন্নু সিরামিকের ২২ দশমিক ১৬ শতাংশ এবং সিটি ব্যাংকের শেয়ার দর ১৮ দশমিক ১৮ শতাংশ বেড়েছে।