সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধে মহিলাসহ আহত ৩

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০০:০২

সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধে মহিলাসহ তিন জনকে  পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। গতকাল শনিবার দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের কাজিরগাঁওয়ে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সোনারগাঁও থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, কাজিরগাঁওয়ের ব্যবসায়ী নজরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী সামসুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। তার জের ধরে গতকাল দুপুরে সামসুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নজরুল ইসলামকে পিটিয়ে আহত করে। এ সময় পার্শ্ববর্তী বাড়ির এক মহিলা তাকে বাঁচাতে এগিয়ে এলে ঐ মহিলাসহ আরেক মহিলাকেও তারা  পিটিয়ে আহত করে।  আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত সামসুল ইসলাম বলেন, তাদের জমি দীর্ঘদিন নজরুল ইসলাম দখল করে আছেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় দুটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।