আবারও নির্বিচারে বন্দুক হামলার কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে এবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার নিউ ইয়র্কের রোচেস্টারে সংঘটিত ঐ হামলায় ২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। রাত সাড়ে বারোটার দিকে পেনসেলভানিয়া অ্যাভিনিউ-এ এই হামলা হয়। এ ঘটনার নেপথ্য কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কেউ হামলার দায় স্বীকার করেনি।
শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে রোচেস্টারের অন্তর্বর্তী পুলিশ প্রধান মার্ক সিমন্স এ ঘটনাকে একটি ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে আখ্যা দিয়েছেন। তবে হতাহতদের পরিচয় জানাননি তিনি। সিমন্স জানিয়েছেন, নিহত দুই জনের একজন পুরুষ আর অপর জন নারী। তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। আহত ১৪ জনকে স্থানীয় দুইটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারো জীবনের আশঙ্কা নেই। এখনো সন্দেহভাজন অপরাধী সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ বিভাগ। তারা জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলা প্রায়শই ঘটে থাকে। ফলে বন্দুক আইন কঠোর করার দাবি উঠেছে।-বিবিসি
