ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার বেলদিয়া গ্রামে শনিবার রাতে মসজিদে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে হাফেজ মাওলানা মো. আজিম উদ্দিন নামক এক ইমামকে জবাই করে খুন করেছে অজ্ঞাতনামা দুর্বত্তরা। পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান খান ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহত ইমাম হাফেজ মাওলানা মো. আজিম উদ্দিন বেলদিয়া গ্রামের মৃত শেখ মজরত আলীর ছেলে। তিনি গত ২০ বছর ধরে সাধুয়া জামে মসজিদের ইমাম।
নিহতের পরিবারের সদস্য, এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, হাফেজ মাওলানা মো. আজিম উদ্দিন প্রতিদিনের ন্যায় সাধুয়া জামে মসজিদে এশার নামাজের ইমামতি করে রাত সোয়া আটটার দিকে বাড়ি ফিরছিলেন। সাধুয়া-নিগুয়ারি খালের পাশে সাধুয়া মার্কেটের নিকটে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার গলা কেটে জবাই করে খুন করে ফেলে রেখে যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আরো পাঁচ/ছয়টি ধারালো অস্ত্রের আঘাত আছে। পথচারীরা দেখতে পেয়ে চিত্কার করলে এলাকাবাসী উপস্থিত হয়ে পাগলা থানা পুলিশকে খবর দেয় ।
