অনন্যার যুদ্ধজয়ের গল্প

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২০:২২

 

সম্প্রতি ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯’ প্রদান করা হয়। প্রাণঘাতী করোনা

ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে অনলাইনে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। বরাবরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়। যারা পাহাড়সম প্রতিকূলতা ঠেলে নিজের জীবনে সফল হয়ে সমাজের নারীর অবস্থান দৃঢ় করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন তাদের একজন হাজেরা বেগম। তার জীবনযুদ্ধের খানিকটা জানাতে এই আয়োজন—

হাজেরা বেগম, দৃষ্টান্ত

 

শত শিশুর মা হাজেরা বেগম! জীবনটা তার কাছে এক ভয়াবহ নিষ্ঠুর জায়গা। তিনি দেখেছেন গাঢ় অন্ধকার জগত্। তাই তিনি আলোরদিশারী হয়ে তুলে এনেছেন ঐ জগতের শিশুকিশোরদের। জীবনের ছলনায় এক সময় তাকে যৌনকর্মীর কাজ করতে হয়েছে। সেই পেশা ছেড়ে তিনি যৌনকর্মীদের সন্তানদের লেখাপড়া, খাবার ও আশ্রয়ের জন্য নিজের সবকিছু উত্সর্গ করেন। তিনি চেয়েছেন যৌনপল্লিতে জন্ম নেওয়া এই বাচ্চাগুলোকে যেন বাধ্য হয়ে তাদের মায়ের পেশায় না আসতে হয়। তবে তার কোলে কেবল এখন যৌনকর্মীদের ছেলেমেয়ে নয়, মাদকাসক্ত, টোকাই, ভবঘুরেসহ সব মায়ের সন্তানই ঠাঁই পেয়েছে। মা হাজেরা আমাদের দেখিয়ে দিয়েছেন জীবনের যে কোনো পর্যায় থেকেই জগতের সবচাইতে ভালো ভালো কাজগুলো করা সম্ভব। এর জন্য মানবিক মন আর তীব্র ইচ্ছাশক্তিই যথেষ্ট।