সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি চলাচল ব্যাহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:১২

তারাগঞ্জ বাসস্ট্যান্ড-বাজার সড়ক

মো. খবির উদ্দিন, তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা 

তারাগঞ্জ উপজেলা সদরের এক কিলোমিটার সড়ক এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এই সড়কে সামান্য বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায়। সংস্কারের অভাবে তারাগঞ্জ চৌপথী বাসস্ট্যান্ড থেকে তারাগঞ্জ বাজারের অগ্রণী ব্যাংকের মোড় পর্যন্ত এই সড়কের অধিকাংশ জায়গা খানাখন্দে ভরপুর। অনেক আগেই পিচ, পাথর, খোয়া উঠে গিয়ে মাটি বের হয়ে তৈরি হয়েছে জলাশয়সদৃশ্য গর্তের। দেখা গেছে, সামান্য বৃষ্টিতে গর্তগুলোতে পানি জমে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষ। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এ সড়কের পাশেই রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংক, থানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। তারাগঞ্জ বাজার বণিক সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানান, সড়কটি সংস্কারের জন্য বাজারের ব্যবসায়ীরা একাধিকবার সংশ্লিষ্টদের জানালেও কাজের কাজ কিছুই হয়নি।

তারাগঞ্জ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি লাবু মিয়া জানান, তারাগঞ্জ বাজারে প্রবেশের এ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় রিকশা, ভ্যানযোগে চলাচল ও মালামাল পরিবহন কষ্টকর হয়ে পড়েছে। ফলে রিকশা, ভ্যানচালকরা মালামাল পরিবহন করতে চায় না। বেশি ভাড়া দিয়ে বহনের কাজ করে নিতে হচ্ছে। এলজিইডির তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার জামান জানান, তারাগঞ্জ বাজারের ভেতর দিয়ে যে সড়কটি কিশোরগঞ্জ উপজেলায় গেছে সেটি এলজিইডির নয়। এটি সড়ক ও জনপথ বিভাগের। রংপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সোলেমান আলী জানান, সড়কটির অগ্রণী ব্যাংকের সামনে একেবারেই চলাচলের অযোগ্য অংশে (প্রায় ২০০ গজ) ইট বসিয়ে সলিং করা হয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে খুব তাড়াতাড়ি বাকি অংশের কাজ করা হবে।