মনপুরায় ঢল ও জোয়ারের পানিতে প্লাবিত চার গ্রাম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫

মনপুরা (ভোলা) সংবাদদাতা

ভোলার বিচ্ছিন্ন মনপুরায় উজান থেকে নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে মেঘনার পানি বিপত্সীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে উপকূলের চারটি গ্রামের নিম্নাঞ্চলসহ আমনের খেত। পানিবন্দি হয়ে পড়েছে এসব গ্রামের হাজারো মানুষ।

এদিকে জোয়ারের পানিতে মনপুরা উপকূলের বিচ্ছিন্ন বেড়িবাঁধহীন কলাতলীর চর ও চরনিজামের ফসলের খেতসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ঐ সমস্ত এলাকার মানুষকে জোয়ারের পানিতে দিনে-রাতে দুবেলা পানিবন্দি অবস্থায় থাকতে হচ্ছে।

রবিবার দুপুর ১২টায় মেঘনার পানি বিপত্সীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর আগে শনিবার বিকালে মেঘনার পানি বিপত্সীমার ৫৪ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়। সরেজমিনে ঘুরে দেখা গেছে, অমাবস্যার প্রভাবে জোয়ারের পানিতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর, চরযতিন, চরজ্ঞান গ্রামের নিম্নাঞ্চল দুই-তিন ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ঐ সমস্ত এলাকার আমন ফসলের খেত প্লাবিত হয়।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, উজানের নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে মেঘনার পানি বিপত্সীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।